মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দায়ী করে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, এই যুদ্ধের জন্য ট্রাম্পের ‘আন্তর্জাতিক ভুল হিসাব-নিকাশ’ দায়ী এবং এর জন্য তাকে মাশুল গুনতেই হবে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এ মন্তব্য করেছেন। গত শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা ঘটছে— তা মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব-নিকাশের ফলাফল।”

লারিজানি আরও বলেন, “তিনি ভেবেছিলেন, ভেনেজুয়েলায় যা করেছিলেন— এখানেও সেই একই মডেল প্রয়োগ করবেন। কিন্তু তা করতে গিয়ে তিনি নিজেই বড় ঝামেলায় পড়ে গেছেন।”

তার ভাষায়, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে। “ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসাবের কাদাজলে আটকা পড়েছে,” বলেন তিনি।

একই সঙ্গে কড়া বার্তা দিয়ে লারিজানি বলেন, “আমরা ট্রাম্পকে ছাড়ব না। তিনি যে ভুল করেছেন, তার জন্য তাকে মাশুল গুনতেই হবে।”

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলেছিল। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

এর ঠিক পরদিন, ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। একই সময়ে ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে আলাদা সামরিক অভিযান শুরু করে।

এই হামলার জবাবে ইরান দফায় দফায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে জানা গেছে।

 

Walton Ads