ইরানে নতুন সুপ্রিম লিডার হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে মোজতবা খামেনির নাম। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে এই ঘোষণা দেশটির রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশ সময় সোমবার রাত সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে।

ইরানের সুপ্রিম লিডার নির্বাচনের দায়িত্ব থাকে অ্যাসেম্বলি অব এক্সপার্টের হাতে। ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত এই পরিষদ ভোটাভুটির মাধ্যমে নতুন নেতা নির্বাচন করে। সর্বশেষ বৈঠকে ভোটের মাধ্যমে মোজতবা খামেনিকেই পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়।

নতুন নেতার প্রতি দেশের সব নাগরিককে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। তাদের মতে, এই সিদ্ধান্ত ইরানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার স্ত্রী ও মেয়েসহ আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ হারান। এই ঘটনার পরই ইরানে নেতৃত্ব পরিবর্তনের আলোচনা জোরালো হয়ে ওঠে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকাকালীন সময় থেকেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল। বিশেষ করে ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

আয়াতুল্লাহ আলি খামেনি বয়সে প্রবীণ হয়ে পড়ার পর থেকেই অনেক বিশ্লেষক মনে করছিলেন, ভবিষ্যতে মোজতবা খামেনিই হতে পারেন দেশের পরবর্তী সুপ্রিম লিডার। যদিও ৫৬ বছর বয়সী মোজতবা নিজে কখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইদিন আগে সতর্ক করে বলেন, মোজতবা সুপ্রিম লিডার হলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। একাধিক সংবাদমাধ্যমকে তিনি জানান, ইরানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাকে সরাসরি যুক্ত করা উচিত।

তবে ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্ব না দিয়ে শেষ পর্যন্ত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলেকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানের প্রথম সুপ্রিম লিডার হন আয়াতুল্লাহ খোমেনি। তার মৃত্যুর পর দায়িত্ব পান আয়াতুল্লাহ আলি খামেনি। সাম্প্রতিক হামলায় নিহত হওয়ার পর এবার তার ছেলে মোজতবা খামেনি দেশটির তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নিলেন।

 

Walton Ads