ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে দেশটির সশস্ত্র বাহিনী। নতুন নেতার প্রতি সমর্থন জানিয়ে তারা জানিয়েছেন, দেশের নেতৃত্বে তার সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ করতে প্রস্তুত রয়েছে পুরো বাহিনী।
সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৩টার দিকে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।
এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী মোজতবা খামেনিকে জ্ঞানী, ন্যায়পরায়ণ, ধার্মিক এবং বিচক্ষণ নেতা হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা বলেছে, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্ট তাকে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করে তাদের দক্ষতা ও বিচক্ষণতার প্রমাণ দিয়েছে।
বিশ্লেষকদের মতে, দেশের সামরিক বাহিনীর এমন প্রকাশ্য সমর্থন নতুন সুপ্রিম লিডারের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
এর আগে ইসলামিক বিপ্লবী গার্ডও মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা করেছিল। যদিও বিপ্লবী গার্ড সেনাবাহিনীর একটি ইউনিট, তবে ইরানের রাজনীতি, সামরিক ও নিরাপত্তা ব্যবস্থায় তাদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
