ইরানের চলমান হামলার মাঝে ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে কাতারে ৩০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি-মার্কিন হামলার প্রতিশোধে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই হামলার মধ্যে উপসাগরীয় অঞ্চলে বিভ্রান্তিকর তথ্য ও ছবি প্রচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা ভিডিও ধারণ ও প্রচার করেছেন এবং জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
এর আগে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও এ ধরনের গ্রেপ্তার ঘটেছে। ৬ মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও প্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ মার্চ কুয়েতেও তিনজনকে গ্রেপ্তার করা হয়, যারা দেশটির পরিস্থিতি নিয়ে উপহাস করে ভিডিও তৈরি করেছিলেন।
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবও অনির্ভরযোগ্য ছবি ও ভিডিও প্রচারের বিষয়ে সতর্কতা জারি করেছে। তবে এসব সতর্কতার পরও ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধের ক্ষয়ক্ষতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও গ্রুপ চ্যাটে ছড়িয়ে যাচ্ছে।
