মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করে বড় ধরনের নতুন হামলা চালিয়েছে ইরান। জানা গেছে, গত কয়েক ঘণ্টার মধ্যেই এই দফার হামলা শুরু হয়।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এটিই ছিল ইরানের চালানো সবচেয়ে তীব্র এবং শক্তিশালী হামলা।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোঁড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে পরে এক নির্দেশনায় বলা হয়, পরিস্থিতি এখন নাগরিকদের জন্য নিরাপদ এবং তারা আশ্রয়কেন্দ্র বা শেল্টার থেকে বেরিয়ে আসতে পারেন।

অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশেই ধ্বংস করা হয়েছে।

তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন ঠিক কোথা থেকে বা কার পক্ষ থেকে ছোঁড়া হয়েছে—সে বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্দিষ্ট করে কিছু জানায়নি।

এরই মধ্যে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। উল্লেখ্য, দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত।

এদিকে সংঘাতের আরেক ফ্রন্টে লেবাননের রাজধানী বৈরুতেও নতুন করে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো ওই হামলার পরপরই বৈরুতের দক্ষিণ শহরতলি এলাকাগুলো বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে।

 

news