পারস্য উপসাগরে হরমুজ প্রণালিতে পরপর তিনটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে তিনটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বেশিরভাগ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) বলেছে, হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ড হয়েছে।
দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়েছে। এতে জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিবেশগত কোনো বিপর্যয় ঘটেনি। বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক নাবিক জাহাজে অবস্থান করছেন।
এর আগে, জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটির নাবিকরা সবাই নিরাপদে আছেন এবং জাহাজটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।
উল্লেখযোগ্য, দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে তৃতীয় বাল্ক ক্যারিয়ার জাহাজেও অজ্ঞাত বস্তুর আঘাত ঘটেছে। মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ড জানায়, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী স্টার গুইনেথ জাহাজেও ক্ষয়ক্ষতি হয়েছে, তবে নাবিকরা নিরাপদে আছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পরিবহন করা হয়। সংঘাত শুরুর পর থেকে অন্তত ১৪টি জাহাজ হামলার শিকার হয়েছে।
