মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের এক কড়া হুমকিতে। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তাহলে মাত্র ৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে বিদ্যুৎহীন করে দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান।
এই হুমকি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাব দেন।
লারিজানি তার পোস্টে লেখেন, ট্রাম্প বলেছেন—“আমরা চাইলে ইরানের বিদ্যুৎ ক্যাপাসিটি এক ঘণ্টার মধ্যে ছিন্নভিন্ন করে দিতে পারি। কিন্তু আমরা এটি করিনি।”
এর জবাবে লারিজানি স্পষ্ট ভাষায় বলেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিই এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে এর ফল পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হতে পারে।
তিনি আরও লেখেন,“ঠিক আছে, যদি তারা এটি করে, ৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে।”
শুধু বিদ্যুৎ বিচ্ছিন্নই নয়, সেই পরিস্থিতি সামরিক দিক থেকেও যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে উঠতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন লারিজানি। তার দাবি, অন্ধকার পরিস্থিতি তৈরি হলে পালানোর চেষ্টা করা মার্কিন সেনাদের ধরতে তা অনেক বেশি সুবিধা দেবে।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে এমন বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিদ্যুৎ অবকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
