মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে বড় এক সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার তেলের ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
ইরানে যৌথ হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়।
এই পরিস্থিতিতেই রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বিশ্বজুড়ে জ্বালানির বাজার স্থিতিশীল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার তেলের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। একই সঙ্গে ইরানের হুমকি মোকাবিলাতেও এই সিদ্ধান্ত ভূমিকা রাখছে বলে জানান তিনি।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ১২ মার্চ পর্যন্ত যেসব রাশিয়ান অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে বোঝাই করা হয়েছে, সেগুলো ১১ এপ্রিল পর্যন্ত বাধা ছাড়াই বিশ্ববাজারে সরবরাহ করা যাবে।
বিশ্বের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। এই সামুদ্রিক রুট দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন করা হয়।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাক—এই দেশগুলো মূলত এই সরু জলপথ ব্যবহার করে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ করে থাকে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
