ইরাকে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের সামরিক রি-ফুয়েলিং বিমান ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন কেসি-১৩৫ রি-ফুয়েলিং উড়োজাহাজটি ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই এই দাবি করে সংগঠনটি।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জোটটির পক্ষ থেকে বলা হয়, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ব্যবহার করে উড়োজাহাজটিকে লক্ষ্য করে হামলা চালায় এবং সেটিকে ভূপাতিত করতে সক্ষম হয়।
রি-ফুয়েলিং বিমান মূলত আকাশে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়। এর ফলে যুদ্ধবিমানকে ভূমিতে নেমে জ্বালানি নিতে হয় না এবং দীর্ঘ সময় আকাশে অভিযান চালানো সম্ভব হয়।
সাধারণত একটি রি-ফুয়েলিং বিমানে পাইলট, কো-পাইলটসহ তিন থেকে চারজন ক্রু সদস্য থাকেন।
গত বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর একটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার রি-ফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, ওই উড়োজাহাজটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন।
তবে এই ঘটনার বিষয়ে ভিন্ন কথা বলছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী।
মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, কোনো হামলার কারণে বিমানটি ভূপাতিত হয়নি। অর্থাৎ তাদের মতে, এটি শত্রুপক্ষের আক্রমণের ফল নয়।
ফলে ঘটনাটি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। একদিকে সশস্ত্র জোটের ভূপাতিত করার দাবি, অন্যদিকে মার্কিন বাহিনীর অস্বীকার—দুটি বিপরীত বক্তব্যে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
