বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রাশিয়ার তেলের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিশেষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ। তিনি বলেছেন, রুশ তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার কোনোভাবেই স্থিতিশীল থাকতে পারে না।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দিমিত্রিভ আরও বলেন, যুক্তরাষ্ট্র কার্যত একটি রূঢ় সত্যকেই স্বীকার করছে— রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়।
চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র সম্প্রতি এক বিশেষ অনুমতি দিয়েছে। এর ফলে সমুদ্রের মাঝপথে থাকা রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য সাময়িকভাবে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, এটি মূলত বাজারে স্থিতিশীলতা বজায় রাখার কৌশল।
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে চার বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও, সমুদ্রের মাঝপথে আটকে থাকা রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার জন্য ৩০ দিনের বিশেষ লাইসেন্স বা সময়সীমা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।
এর আগে ৫ মার্চ ভারতের জন্যও একই ধরনের ৩০ দিনের বিশেষ ছাড় দিয়েছিল ট্রেজারি বিভাগ। এর ফলে সমুদ্রে আটকে থাকা রুশ তেল কেনার সুযোগ পায় নয়াদিল্লি।
দিমিত্রিভের এই মন্তব্য মূলত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের পর প্রকাশিত, যা বিশ্বজ্বালানি বাজারে রাশিয়ার গুরুত্ব আরও স্পষ্ট করে।
