ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)-এর হামলায় ২ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত লেবাননে ৬৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬২ জন নারী, ৯৮ জন শিশু এবং ১৮ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৭৭৪ জন, যার মধ্যে ৩২৮ জন নারী, ৩০৪ শিশু এবং ৪৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এই তথ্য লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিবৃতিতে প্রকাশ করেছে।
উল্লেখযোগ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর, ২ মার্চ ইরানের প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ রকেট নিক্ষেপ করে। এই হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিভিন্ন স্থাপনা লক্ষ্য করা হয়।
হিজবুল্লাহ ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারের মদতপুষ্ট ও একনিষ্ঠ সমর্থক।
হিজবুল্লাহর এই হামলার পর লেবাননে বিমান অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনো চলমান। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২ মার্চ থেকে প্রতিদিনই বিমান অভিযান চালাচ্ছে ইসরায়েল।
এই হামলা লেবাননে মানবিক সংকট এবং ধ্বংসের মাত্রা নিরন্তর বৃদ্ধি করছে।
