উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকি থেকে সুরক্ষা নিশ্চিত করার জন্য ১০ বছর আগে দক্ষিণ কোরিয়াকে দেওয়া থার্মিনাল হাই-অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স (থাড) এখন মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হচ্ছে। এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন, যা নিয়ে সিউল খুশি নয়।
দক্ষিণ কোরিয়ার জাতীয় দৈনিক জুং আং-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন সিউলকে ইতোমধ্যেই অবহিত করেছে। বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে থাড স্থানান্তর করা হচ্ছে।
ওয়াশিংটনের এই পদক্ষেপে সিউল উদ্বিগ্ন, কারণ থাড না থাকলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক মহল এই সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা প্রতিশ্রুতির ঘাটতি হিসেবে দেখছেন।
দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিউংও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি জানিয়েছেন, থাড অনুপস্থিত থাকলেও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলার জন্য পর্যাপ্ত।
উল্লেখযোগ্য, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়াকে ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, শত্রুদের মোকাবিলা করতে পিয়ংইয়ং নিজেদের পরমাণু অস্ত্রের পরিমাণ বৃদ্ধি করছে।
এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সমন্বয় চ্যালেঞ্জের মুখে পড়েছে, বিশেষ করে নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রে।
