গত দু’সপ্তাহ ধরে চলা ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে মার্কিন বাহিনী ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, সামনের দিনগুলোতে ইরানে অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে।

গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিডকে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মার্কিন বাহিনী ইতোমধ্যেই ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলেছে। আমরা এখনও দেখছি কতটা অগ্রগতি হয়েছে। এবং শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনকারখানাগুলোও ধ্বংস করা হচ্ছে।”

ট্রাম্প আরও বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা তাদের এত বড় ধাক্কা দিয়েছি, যতটা কেউ দেনি। তাদের সামরিক অবকাঠামো এতটাই বিধ্বস্ত হয়েছে যে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বছরের পর বছর লাগবে। এমনকি হতে পারে তারা আর পুরোপুরি পুনরুদ্ধারও করতে পারবে না।”

যুদ্ধ কতদিন চলতে পারে—এ প্রশ্নের উত্তর সরাসরি দিতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, “আমাদের কাছে সেনা, সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের কোনো অভাব নেই। সামনের দিনগুলোতে অভিযান আরও তীব্র এবং বিস্তৃত হবে।”

এবারের এই মন্তব্য ট্রাম্পের কড়া নীতি এবং ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

 

news