ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা-তে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আজ শনিবার এ তথ্য জানান।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে মেজর জেনারেল হাতামি বলেন, “আইআরআইএস দেনা-এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে ইরানে ফিরে আসছিল। কিন্তু সম্পূর্ণ বিনা উসকানিতে হামলা চালানো হয়, যার ফলে শতাধিক ক্রু নিহত হয়। আমরা এই হামলার উপযুক্ত জবাব দেবো।”
তিনি আরও বলেন, “আইআরআইএস দেনা-র ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। ইরানের প্রতিরক্ষা বাহিনী দেশের সমুদ্রসীমা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”
গত ১৮ ফেব্রুয়ারি, দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। ৭০টিরও বেশি দেশ এই মহড়ায় অংশ নেয়। ইরানও নিজেদের নৌজাহাজ আইআরআইএস দেনা নিয়ে মহড়ায় অংশ নিয়েছিল।
মহড়া শেষে ইরানে ফিরে আসার সময়, শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনী টর্পেডো হামলা চালিয়ে জাহাজটিকে ধ্বংস করে। জাহাজে থাকা ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। মরদেহগুলো শুক্রবার কলম্বো থেকে তেহরানে ফেরত পাঠানো হয়।
এই ঘটনার ফলে ইরানের নৌবাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী আরও সতর্ক এবং প্রতিশোধের পরিকল্পনা হাতে নিয়েছে।
