ইরান সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরের আশেপাশের এলাকা খালি করার জন্য সতর্কবার্তা দিয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য প্রকাশ করেছে।

শনিবার (১৪ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের জেবেল আলি বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশেপাশের এলাকা থেকে লোকজনকে অবিলম্বে সরিয়ে যেতে বলা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব বন্দরের বেসামরিক স্থাপনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অবস্থান করছে। এজন্য এই এলাকা এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে, ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নৌসদস্য নিহত হওয়ার ঘটনায় ইরানি সেনাবাহিনীর প্রধান আমির হাতামি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, “এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।”

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের নতুন যুদ্ধজাহাজগুলোর একটি আইআরআইএস দেনা ডেস্ট্রয়ার সামরিক মহড়া শেষ করে দেশে ফেরার পথে হামলার শিকার হয়েছে। আমির হাতামি বলেন, দেনার ক্রুরা শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। তারা কোনো সরাসরি যুদ্ধে জড়িত না থাকা অবস্থাতেই হামলার লক্ষ্যবস্তু হন।

হাতামি আরও বলেন, “দেনার নাম এবং এর ক্রুদের আত্মত্যাগ ইরানের নৌবাহিনীর ইতিহাসে সাহস ও দায়িত্ববোধের প্রতীক হয়ে থাকবে। সেনাবাহিনী সামুদ্রিক সীমান্ত রক্ষায় আরও দৃঢ়ভাবে কাজ করবে এবং নৌক্ষমতা আরও শক্তিশালী করা হবে।”

 

 

news