মনে করুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট আপনার দেশের গুরুত্বপূর্ণ অংশে বোমা ফেলছেন, আর তার কারণ হিসেবে তিনি বলছেন— ‘মজা করা’! ঠিক এমনই এক ঘটনা ঘটেছে ইরানের সঙ্গে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যে এখন উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল।

মাত্র দুইদিন আগে ইরানের খার্গ দ্বীপে ভয়াবহ বোমাবর্ষণ করে আমেরিকান বাহিনী। এই দ্বীপটি কিন্তু ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই হয় এই খার্গ দ্বীপ থেকেই। ইরানের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের টার্মিনালগুলোও এখানেই অবস্থিত।

এখন প্রশ্ন হলো, কেন এই হামলা? এর জবাবে ট্রাম্প যা বলেছেন, তাতে রীতিমতো নড়েচড়ে বসেছেন বিশ্লেষকরা। তিনি জানিয়েছেন, তিনি শুধু ‘মজা’ করার জন্যই এই দ্বীপে আবারও হামলা চালাতে চান! তার কথায়, এটা যেন একটা খেলার সামিল।

তবে ট্রাম্পের এই ‘মজা’র সংজ্ঞা একেবারেই মানতে পারছেন না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, একজন মানুষের মজা করার জন্য সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন— এটা কী করে হতে পারে?

আমেরিকার জনপ্রিয় সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এটা একটা অবৈধ যুদ্ধ। এই ধরনের যুদ্ধে কেউ জিতে না। কিন্তু এখানে মানুষ মারা যাচ্ছে, শুধু এই কারণে যে প্রেসিডেন্ট ট্রাম্প মজা করতে চান! হ্যাঁ, উনি নিজেই এটা বলেছেন।”

তার এই বক্তব্যে পরিষ্কার, ট্রাম্পের ‘মজা’র এই খেলা যে কতটা ভয়াবহ আকার নিতে পারে, সেটাই এখন বিশ্ববাসী দেখছে। ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলবে, সেটাই এখন দেখার বিষয়।

 

news