মধ্যপ্রাচ্যের বুকে আতঙ্কের রাত পেরিয়ে স্বস্তি ফিরেছে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (ডিএক্সবি)। ইরানের ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জেরে চার ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) এই সেবা চালু হয়।

দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর এবং বিমানবন্দর কর্তৃপক্ষ উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে। ডিএক্সবি তাদের বার্তায় জানিয়েছে, আপাতত কার্গো বিমান এবং কিছু জরুরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এছাড়া, বেশ কয়েকটি ফ্লাইট দুবাইয়ের অন্য বিমানবন্দর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে।

বাতিল হওয়া অন্যান্য ফ্লাইটগুলো পর্যায়ক্রমে চালু করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের আতঙ্কিত না হয়ে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অনুরোধ জানানো হয়েছে।

গতকাল রোববার মধ্যরাতে ইরানের বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে বিমানবন্দরের বড় এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও নিরাপত্তার কারণে সব ফ্লাইট বাতিলের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। যদিও পরে পৃথক বিবৃতিতে এই সিদ্ধান্তকে অস্থায়ী বলে জানানো হয়।

উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর, যেখানে প্রতিদিন হাজার হাজার ফ্লাইট ওঠানামা করে। বিশ্বজুড়ে লাখ লাখ যাত্রী তাদের গন্তব্যে পৌঁছাতে এই বিমানবন্দর ব্যবহার করেন। চার ঘণ্টা বন্ধ থাকায় এই রুটে বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়লেও এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

 

news