মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং তা আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহার। তার এই মন্তব্যে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।

আজ সোমবার ইসরায়েলের সংবাদমাধ্যম রেডিও ১০৩ এফএম ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী জোহার বলেন, “আমরা ইতোমধ্যেই অনুধাবন করতে পারছি যে সামনের দিনগুলোতে উত্তেজনা আরও বাড়বে। তাই ইসরায়েল রাষ্ট্র এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও ব্যাপক আকারে প্রস্তুতি এখন থেকেই নেওয়া প্রয়োজন।” তিনি আরও বলেন, “বর্তমানে যে গতিপ্রকৃতি আমরা দেখছি, তাতে প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে আরও কয়েক সপ্তাহ ধরে এই যুদ্ধ চলবে।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। কিন্তু ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ— সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও অব্যাহত রয়েছে। এই তীব্র লড়াইয়ে এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছেন ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ।

মন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট, যুদ্ধ থামাতে এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাই প্রবল হচ্ছে।

 

news