ইরানের বন্দরগুলোকে ঘিরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বাহিনী আজ সোমবার থেকে এসব বন্দরে অবরোধ কার্যকর করছে। ইরানের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট) থেকেই এই অবরোধ শুরু হবে।
এই অবরোধ চালু হলে ইরানের কোনো বন্দরে নতুন করে কোনো জাহাজ ভিড়তে পারবে না। একই সঙ্গে বর্তমানে যেসব জাহাজ বন্দরে অবস্থান করছে, সেগুলোকেও বাইরে যেতে দেওয়া হবে না। এমনকি কোনো জাহাজ যদি এই নির্দেশ অমান্য করে, তাহলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড—সেন্টকোম।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকোম এ তথ্য জানায়। তাদের বার্তায় বলা হয়েছে, সোমবার পূর্বাঞ্চলীয় (ইরানি) সময় সকাল ১০টা থেকে আরব সাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব বন্দরে এই অবরোধ কার্যকর হবে। শুধু ইরানি নয়, যেকোনো দেশের জাহাজ যদি এসব বন্দরে প্রবেশ করতে চায় বা ইরানের উপকূলীয় এলাকায় আসে—তাদের ওপরও এই নিষেধাজ্ঞা সমানভাবে প্রযোজ্য হবে।
তবে একটি বিষয় পরিষ্কার করেছে সেন্টকোম। যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করে ইরান ছাড়া অন্য দেশের বন্দরে যাতায়াত করছে, তাদের চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।
বাণিজ্যিক জাহাজগুলোর সুবিধার কথা মাথায় রেখে অবরোধ কার্যকরের আগে বিস্তারিত নোটিশ দেওয়া হবে বলেও জানিয়েছে সেন্টকোম।
এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে টানা ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ হয়। এরপর রোববার আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অবরোধের হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করার ঘোষণা দেয় সেন্টকোম।
