ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর পক্ষে নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এই সংকট সমাধানে যুদ্ধবিরতির সময় বাড়ানোর চেয়ে একটি স্থায়ী সমঝোতা চুক্তি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের শীর্ষ ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে জোনাথন কার্ল তাকে প্রশ্ন করেন—ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর কোনো পরিকল্পনা তার আছে কি না।

জবাবে ট্রাম্প বলেন, “এটা যেকোনো দিকেই যেতে পারে, তবে আমি মনে করি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তিই ভালো। কারণ, এতে তারা তাদের দেশ পুনর্গঠন করতে পারবে। তাদের এখন সত্যিই একটি ভিন্ন শাসনব্যবস্থা আছে। যা-ই ঘটুক না কেন, আমরা উগ্রপন্থিদের নির্মূল করেছি। তারা আর আমাদের সাথে নেই।”

ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিনের সংঘর্ষ শেষে ৭ ফেব্রুয়ারি থেকে দুই পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায়।

এই যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধানের দিকে নিয়ে যেতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিরা বৈঠকে বসেন।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানো। কিন্তু প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই শেষ হয় ইসলামাবাদ বৈঠক।

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই আবারও আলোচনায় বসতে পারে দুই দেশের প্রতিনিধিরা।

এ প্রসঙ্গে সাংবাদিক জোনাথন কার্লকে তিনি বলেন, “আমার মনে হয় আগামী দুই দিনের মধ্যেই আপনারা বড় কিছু দেখতে চলেছেন। আমি সত্যিই তাই মনে করি।”

 

news