তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক বন্দুক হামলায় অন্তত ৮ শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে BBC, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি-র বরাতে।
ঘটেছে কাহরামানমারাস এলাকার আইসার চালিক মাধ্যমিক বিদ্যালয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই হামলায় ছয়জনের অবস্থা গুরুতর এবং আরও ১৩ জন আহত হয়েছেন।
এ ঘটনায় ১৪ বছর বয়সী হামলাকারীও নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
এর আগের দিনই আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক প্রাক্তন ছাত্র গুলি চালিয়ে ১৬ জনকে আহত করে আত্মহত্যা করে। সেই ঘটনার পরদিনই দ্বিতীয় এই হামলা ঘটায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
বুধবারের এই হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ইতোমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী দুইটি শ্রেণিকক্ষে ঢুকে গুলি চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে ওই বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী ছিল। তার কাছে পাঁচটি বন্দুক এবং সাতটি ম্যাগাজিন ছিল বলে জানা গেছে।
স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ার অভিযোগ করেছেন, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ওই ছাত্রের সাবেক পুলিশ কর্মকর্তা বাবার ছিল।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার পর হামলাকারীর বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
