মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চলের দুই প্রতিবেশী দেশ ইসরায়েল ও লেবানন শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে—এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করছেন, এই বৈঠক যুদ্ধ পরিস্থিতির মধ্যে কিছুটা হলেও ‘স্বস্তির অবকাশ’ তৈরি করতে পারে।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। অনেক দিন, প্রায় ৩৪ বছর পর দুই নেতার মধ্যে নীরবতা ভাঙছে। আগামীকাল তারা কথা বলবেন। চমৎকার!”
তবে এই বৈঠক নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। কোথায় এই বৈঠক হবে বা কারা এতে অংশ নেবেন—সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।
একই পোস্টে তিনি আবারও বলেন, “দুই দেশের নেতাদের মধ্যে প্রায় ৩৪ বছর ধরে কোনো কথা হয়নি। এবার সেই নীরবতা ভাঙছে।”
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ওয়াশিংটন-এ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে একটি বৈঠক হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ইয়েশিয়েল লাইটার এবং নাদা হামাদেহ। এছাড়া বৈঠকে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তবে সেই বৈঠকের ফলাফল কী হয়েছে, তা এখনো জানা যায়নি। আর ওই বৈঠকের পরও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ হয়নি।
এদিকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে CNN যোগাযোগ করেছিল দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। কিন্তু ইসরায়েলের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, এমন কোনো বৈঠকের তথ্য তাদের কাছে নেই।
