বিশ্ববাজারে স্বর্ণের দাম শুক্রবার প্রায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে টানা চতুর্থ সপ্তাহের মতো দাম ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে।

রয়টার্স জানায়, স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৮৪.৭২ ডলারে নেমেছে। তবে সাপ্তাহিক হিসেবে এটি প্রায় ১ শতাংশ বেড়েছে। একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসও শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪,৮০৫.২০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। এর ফলে জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে, যা মূল্যস্ফীতির চাপ কমাতে পারে এবং সুদের হার বাড়ার আশঙ্কাও হ্রাস পেয়েছে।

এই পরিস্থিতিতে স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা কিছুটা কমলেও সামগ্রিকভাবে বাজারে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে।

একই সঙ্গে দুর্বল মার্কিন ডলার এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার ইঙ্গিতও স্বর্ণের দামকে সমর্থন দিচ্ছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।

 

news