ইরানে দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ঘটনা টানা ৪৯ দিনে পৌঁছেছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশটিতে এখন সংযোগ স্বাভাবিক অবস্থার মাত্র প্রায় ২ শতাংশে নেমে এসেছে।
ইরান ইন্টারন্যাশনালর শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, এই দীর্ঘমেয়াদি ডিজিটাল ব্ল্যাকআউট প্রায় ১,১৫২ ঘণ্টা ধরে চলছে। কিছু ব্যবহারকারী সীমিতভাবে গুগল সার্চের হোমপেজে প্রবেশ করতে পারলেও, অধিকাংশ ক্ষেত্রেই ইন্টারনেট কার্যত অচল।
বর্তমানে ইরান ইতিহাসের অন্যতম দীর্ঘ জাতীয় ইন্টারনেট শাটডাউনের মুখে রয়েছে। সাম্প্রতিক সংঘাত ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে দেশটিতে সংযোগ স্বাভাবিকের তুলনায় খুবই সীমিত হয়ে পড়েছে।
এর আগে বিভিন্ন সময় ইন্টারনেট সংযোগ ১ থেকে ৪ শতাংশের মধ্যে ওঠানামা করেছে বলে জানা যায়, যা দেশটির তথ্যপ্রবাহ ও যোগাযোগ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষ প্রায় পুরোপুরি আন্তর্জাতিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে মানবাধিকার এবং তথ্যপ্রাপ্তির স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে।
