চলতি সপ্তাহে ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রস্তাবটি পাস হয়নি। এরপরও মানবাধিকারকর্মীরা এই ফলাফলকে বড় একটি “টার্নিং পয়েন্ট” হিসেবে দেখছেন।
আল জাজিরার বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বুধবার অনুষ্ঠিত ওই ভোটে ডেমোক্র্যাট সিনেটরদের বড় একটি অংশ প্রস্তাবের পক্ষে অবস্থান নেন। ইসরায়েলের কাছে সামরিক বুলডোজার বিক্রি বন্ধের প্রস্তাবটি মূলত এই ভোটের বিষয় ছিল। তবে মাত্র সাতজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে বিলটি আটকে দেন। ফলে ৪০-৫৯ ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এরপরও অধিকারকর্মীরা এটিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন।
শান্তিবাদী সংগঠন ফ্রেন্ডস কমিটি অন ন্যাশনাল লেজিসলেশনএর মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক হাসান এল-তাইয়্যাব বলেন, প্রস্তাবটি পাস না হলেও এই ভোট স্পষ্ট করেছে যে সিনেটের বেশিরভাগ ডেমোক্র্যাট এখন ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থনের বিপক্ষে অবস্থান নিচ্ছেন—যা অনেক আমেরিকানের মতামতের সঙ্গেও মিলে যায়।
তিনি আরও বলেন, এটি শুধু অস্ত্র বিক্রির বিষয় নয়; বরং ইরানসহ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ও উত্তেজনা বাড়ানোর বিরুদ্ধেও একটি বার্তা।
এই বিলটি উত্থাপন করেন প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে বাড়তে থাকা ক্ষোভের মধ্যেই এই ভোট অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কংগ্রেসের অনুমোদন ছাড়াই যৌথভাবে সামরিক অভিযান চালিয়েছেন।
মানবাধিকারকর্মীদের দাবি, ইসরায়েল গাজা ও লেবাননের বিভিন্ন এলাকায় বুলডোজার ব্যবহার করে শহর ধ্বংস করছে, যাকে তারা “জাতিগত নির্মূল” বলে আখ্যা দিচ্ছেন। একই দিনে আরেকটি ভোটে ৩৬ জন ডেমোক্র্যাট সিনেটর ইসরায়েলের কাছে ১,০০০ পাউন্ড বোমা সরবরাহ বন্ধের পক্ষে ভোট দেন।
গত বছরের তুলনায় এবার সমর্থন অনেক বেড়েছে। ২০২৪ সালে যেখানে ১৮ জন এবং গত বছর ২৭ জন সিনেটর এমন প্রস্তাবে সমর্থন দিয়েছিলেন, এবার তা আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, গাজায় চলমান যুদ্ধ, দক্ষিণ লেবাননের ধ্বংস এবং ইরানের সঙ্গে সংঘাত এই পরিবর্তনের বড় কারণ।
স্যান্ডার্স বলেন, “আমেরিকানরা চায় তাদের করের টাকা দেশের মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় হোক, মধ্যপ্রাচ্যে নিরীহ মানুষ হত্যায় নয়।”
একটি জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক এখন ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। ডেমোক্র্যাটদের মধ্যে এই হার ৮০ শতাংশ এবং ৫০ বছরের নিচের তরুণদের মধ্যে তা প্রায় ৭০ শতাংশ।
জিউইশ ভয়েস ফর পিস অ্যাকশনএর রাজনৈতিক পরিচালক বেথ মিলার বলেন, ইসরায়েলকে অস্ত্র দেওয়ার পক্ষে সিনেটের ভোট “লজ্জাজনক”। তার মতে, গাজা, লেবানন ও ইরানে চলমান সহিংসতার মধ্যে কোনো অস্ত্র সরবরাহই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, নিঃশর্ত সহায়তার বিরুদ্ধে এই ক্রমবর্ধমান বিরোধিতা একটি বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ভিতেও বড় ধরনের ফাটল তৈরি হচ্ছে।
