আমেরিকার নিষেধাজ্ঞা একটু শিথিল হতেই কাজ সেরে ফেলেছে ভারত। ইরান থেকে তেল কিনছে দেশের শোধনাগারগুলো, আর তার টাকা দিচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে। এই লেনদেন হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

বিস্তারিত:
গত মাসে বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখতে আমেরিকা কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছিল। সেই সুযোগেই ইরান থেকে তেল কেনা শুরু করে ভারত। একইসঙ্গে রাশিয়া ও ইরান থেকে সমুদ্রপথে তেল কেনার পথ খুলে যায় অন্যান্য দেশের জন্যও।

আমেরিকা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনলেও ইরানের অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেলের ওপর এই ছাড় আর বাড়ানো হবে না। ফলে আগামী দিনে এই ধরনের কেনাবেচা অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে ঝুঁকি মাথায় নিয়েও ইতিমধ্যেই বড় অঙ্কের ইরানি তেল কিনে ফেলেছে ভারতের কিছু শোধনাগার। রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) প্রায় ২০ কোটি ডলারের ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে। ‘জয়া’ নামের এক দানব আকারের তেলবাহী জাহাজে সেই তেল এসেছে ভারতে। এ ছাড়া ইরানের আরও চারটি তেলের জাহাজকে ভারতের বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হয়েছে।

আর এই তেল কেনাবেচার টাকা মেটানো হচ্ছে চীনা ইউয়ানে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরো লেনদেন চীনা মুদ্রায় নিষ্পত্তি হচ্ছে।

এ প্রসঙ্গে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশের চাহিদা পূরণই তাদের প্রথম কথা। তেল বিপণন সংস্থাগুলো সব নিয়ম মেনেই কাজ করছে।

উল্লেখ্য, ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনায় হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে। তবে এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় ভারত এই দামবৃদ্ধি থেকে তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

 

news