যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হতে এখনো অনেক বাকি। নিজেদের মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি। এমনটাই জানিয়ে দিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

গতকাল শনিবার রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘালিবাফ বলেন, চুক্তিতে পৌঁছাতে দুই দেশকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। কিছু বিষয়ে তাঁরা একমত হলেও আরও কিছু বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি।

এই অবস্থার মধ্যেই আবারও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে তেহরান। তাদের অভিযোগ, আমেরিকা ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখেছে। এই পদক্ষেপ আলোচনাকে আরও কঠিন করে তুলেছে।

এর আগে গতকাল সংবাদমাধ্যম সিএনএনকে ইরানের এক সূত্র জানিয়েছিল, আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, সেই আলোচনা আর হচ্ছে না। ওই সূত্রটি আরও জানিয়েছিলেন, আলোচনার জন্য রোববারই পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল ইরানি প্রতিনিধিদলের।

হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘটনাকে ‘কৌশলগত বিজয়’ হিসেবে দাবি করেছেন ঘালিবাফ। তিনি বলেছেন, “আমরা শত্রুদের পুরোপুরি ধ্বংস করিনি— তাদের কাছে এখনো অস্ত্র আর অর্থ আছে। কিন্তু কৌশলগত দিক থেকে তারা আমাদের কাছে পরাজিত।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়। সেই যুদ্ধবিরতি এখন শেষের দিকে।

 

Walton Ads