যুক্তরাষ্ট্র যতক্ষণ ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ না তুলছে, ততক্ষণ হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তারা হুশিয়ারি দিয়ে বলেছে, এই প্রণালির দিকে জাহাজ আনলে সেটা শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য হবে।

গত শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিয়েছিল ইরান। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের অবরোধ চালিয়ে যাওয়ায় একদিনের মাথায় শনিবার আবার সেই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেয় তেহরান। ইরানের অভিযোগ, আমেরিকা বারবার বিশ্বাস ভঙ্গ করায় তাদের এই পদক্ষেপ নিতে হয়েছে।

বিপ্লবী গার্ডের ঘোষণা— যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। বিবৃতিতে তারা আরও জানায়, “যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মার্কিন শত্রুরা ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়নি। তাই আজ (শনিবার) সন্ধ্যা থেকে এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।”

একইসঙ্গে পারস্য উপসাগর ও ওমান সাগরে নোঙর করে রাখা জাহাজগুলোকে সতর্কবার্তা পাঠিয়েছে বিপ্লবী গার্ড। সেখানে বলা হয়েছে, যেখানে জাহাজ নোঙর করা আছে, সেখান থেকে কোনো জাহাপ যেন না নড়ে।

ইরানের প্রেসিডেন্ট বাঘের ঘালিবাফ মার্কিনিদের এই অবরোধকে ‘বিবেচনাহীন ও অজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি প্রশ্ন রেখে বলেছেন, ইরানের জাহাজ যখন হরমুজ পার হতে পারছে না, তখন অন্য দেশের জাহাজ কীভাবে পার হবে?

 

news