হরমুজ প্রণালি আবার বন্ধ করে দিয়েছে ইরান। আর এই অবস্থায় দেশটির সঙ্গে আলোচনা নিয়ে জরুরি বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সকালে হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ ডাকলেন তাঁর মন্ত্রীদের।

মাত্র তিন দিন পর শেষ হয়ে যাচ্ছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি। অথচ এখনো নতুন করে আলোচনার কোনো তারিখ ঠিক করতে পারেনি আমেরিকা। এমন সন্ধিক্ষণেই ট্রাম্পের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে আলোচনায় যদি কোনো বড় অগ্রগতি (ব্রেকথ্রু) না আসে, তাহলে আবারও শুরু হয়ে যাবে যুদ্ধ।

ট্রাম্পের এই বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি ইরানের সঙ্গে পরবর্তী আলোচনায় অংশ নেবেন। এছাড়া ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। আরও ছিলেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি উইলস, বিশেষ দূত স্টিভ উইটকোফ, সিআইএ প্রধান জন রেটলিফ আর সেনাবাহিনীর প্রধান ড্যান কেইন।

অন্য দিকে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় মধ্যস্থতা করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। তিনি সরাসরি ইরানে গিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। অ্যাক্সিওস জানিয়েছে, পাক সেনাপ্রধান ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে অন্তত একবার সরাসরি ফোনেও কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

 

news