লেবাননের দক্ষিণাঞ্চলে পুঁতে রাখা একটি বোমা হঠাৎ ফেটে পড়ল ইসরায়েলি সেনাদের ওপর। ঘটনায় দখলদার বাহিনীর ৯ সেনা আহত ও একজন নিহত হয়েছেন। আজ রোববার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভিস্ট) লিদোর পোরাত। বয়স ৩১ বছর। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হিরাম রিজিয়নাল ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলছে যুদ্ধবিরতি। সেই বিরতির মধ্যদিয়েই ঘটল ইসরায়েলি সেনাদের এই হতাহতের ঘটনা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের একটি গাড়ি চলে আসে আগে থেকে পুঁতে রাখা বোমার ওপর। মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণ। হিজবুল্লাহর পুঁতে রাখা সেই বোমাই নিমিষে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

এই বিস্ফোরণেই প্রাণ হারান পোরাত। তিনি ও অন্য সেনারা ওই এলাকায় ভারী সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর চারজনের আঘাত মাঝারি ধরনের। বাকি চারজন সামান্য আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারে করে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল—তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে তারা।

পুঁতে রাখা বোমায় হতাহতের ঘটনা ঘটলেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

Israel soldier killed Lebanon, bomb blast south Lebanon, Hezbollah hidden bomb, Israeli army casualties, Lidor Porat death, Israel Lebanon ceasefire violation, Israeli engineering

news