ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের কৌশলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।
স্থানীয় সময় শনিবার একটি ফান্ড রাইজিং অনুষ্ঠানে যোগ দেন কমালা। সেখানেই তিনি সরাসরি বলেন, “ট্রাম্পকে এমন এক যুদ্ধে জড়ানো হয়েছে, যা আমেরিকার সাধারণ মানুষ চায় না। এই যুদ্ধ আমাদের সেনাদের জীবনে ঝুঁকি নামিয়ে এনেছে। আর এই যুদ্ধে ট্রাম্পকে জড়িয়েছেন নেতানিয়াহু।”
এখন পর্যন্ত কমালার এই অভিযোগের সরাসরি কোনো জবাব দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েল নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে দখলদার ইসরায়েলের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক আর না করুক, তারা জানে কীভাবে জিততে হয়। তারা আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য মিত্র— সাহসী, নির্ভীক, বিশ্বস্ত ও বিচক্ষণ। যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে পিছিয়ে গেলেও ইসরায়েল সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে এবং জয় ছিনিয়ে নিতে জানে।
