ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালিয়েছে ইরানের নৌবাহিনী। আর তার পরেই যেন থমকে গেছে গোটা হরমুজ প্রণালি। এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। রোববার এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মাত্র শুক্রবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। কিন্তু আমেরিকা তাদের নৌ-অবরোধ তুলে না নেওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই আবার সেই পথ বন্ধ করে দেয় তেহরান। এরই মধ্যে গতকাল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌবাহিনী ভারতের দুটি জাহাজ লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

জাহাজ চলাচল বিষয়ক সংবাদমাধ্যম লয়েড লিস্ট জানিয়েছে, যেসব জাহাজ চলা শুরু করেছিল, সেগুলো এখন আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। বহু জাহাজ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর কাছেই আটকে আছে।

ইরানের নৌবাহিনী রেডিও বার্তায় জাহাজগুলোকে স্পষ্ট সতর্কতা দিয়েছে— হরমুজ এখন তাদের সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে। কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে, তাহলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হবে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ না তুলছে, ততক্ষণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শনিবার এক বিবৃতিতে তারা বলেছে, “হরমুজের দিকে জাহাজ নিয়ে আসলে সেটা শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য হবে।” তাদের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আমেরিকা ইরানি জাহাজ ও বন্দরের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়নি।

ইতিমধ্যে পারস্য উপসাগর ও ওমান সাগরে নোঙর করা জাহাজগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে— যেখানে আছে, সেখান থেকে যেন না নড়ে।

 

Walton Ads