যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে আবারও আলোচনা হতে চলেছে— এমনই ইঙ্গিত মিলেছে পাকিস্তানের দুই সূত্রের মুখে। আগামী শুক্রবারের আগেই এই আলোচনা বসতে পারে বলে জানিয়েছে তারা। রোববার নাম না প্রকাশের শর্তে সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য দিয়েছেন ওই সূত্রগুলো।
কেন আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেজন্য তিনটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতের কথা বলেছেন সূত্রগুলো। প্রথমত, রাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ইতিমধ্যে নামছে যুক্তরাষ্ট্রের দুটি ভারী সি-১৭ গ্লোবমাস্টার কার্গো বিমান।
দ্বিতীয়ত, বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোন পর্যন্ত যাওয়ার সড়কগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে— সেখানে উচ্চপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেলগুলো প্রায় খালি করে দেওয়া হয়েছে। এই হোটেলগুলোতে আগামী শুক্রবার পর্যন্ত কোনো বুকিং নেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা হয়েছিল। যদিও সেই আলোচনায় কোনো চুক্তি হয়নি।
এর আগে পাকিস্তানের এক সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছিল, সোমবার হতে পারে ইরানি ও মার্কিনিদের মধ্যে আলোচনা। তবে বর্তমানে সোমবার আলোচনা হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
