ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার করে পাঠাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। রোববার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে এটি প্রথম রাজনৈতিক নিয়োগ।
দীনেশ ত্রিবেদী পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। আর প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত করে ব্রাসেলসে পাঠানো হচ্ছে। ত্রিবেদীর নিয়োগের জন্য বাংলাদেশের সরকারের কাছে আনুষ্ঠানিক সম্মতি চাওয়া হবে বলেও জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
৭৫ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিবিদকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের কাছে এক ধরনের জবাবদিহিতার বার্তা বহন করছে। ত্রিবেদী আগে ইউপিএ সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল ছেড়ে মার্চে বিজেপিতে যোগ দেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা মেরামতের চেষ্টার অংশ হিসেবেই এই নিয়োগ বলছেন বিশ্লেষকরা।
মোদি সরকার স্পষ্ট বার্তা দিয়েছে— গুরুত্বপূর্ণ দেশগুলোতে রাজনৈতিক নেতাদের দূত পাঠাতে তারা কুণ্ঠিত নয়। এসব কাঙ্ক্ষিত পদ কেবল ইন্ডিয়ান ফরেন সার্ভিস কর্মকর্তাদের জন্য সংরক্ষিত নয়। এর আগে সাবেক সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সেশেলসে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এখন প্রতিবেশী দেশগুলোতেও প্রভাবশালী ব্যক্তিদের রাষ্ট্রদূত নিয়োগের ইঙ্গিত দিল ভারত।
