ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন অভিযান চালিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানায়।

এর আগে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এই ঘটনাই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে বলে জানা যাচ্ছে।

তবে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জাহাজ জব্দের ঘটনার পর ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ অপারেশনাল ইউনিট খাতাম আল-আনবিয়া কঠোর হুঁশিয়ারি দেয়। তারা জানায়, এটি যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন এবং এর জবাব দেওয়া হবে।

প্রায় ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

যুদ্ধবিরতির পর ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনাও হয়। দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা চলা সেই বৈঠকেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

এর মধ্যেই নতুন করে আলোচনার উদ্যোগের কথা শোনা গেলেও সাম্প্রতিক এই ড্রোন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে নতুন আলোচনার সম্ভাবনাও এখন অনেকটাই অনিশ্চিত।

ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদে আলোচনার জন্য ইরানের কোনো প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা আপাতত নেই।

 

news