ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের এই দণ্ড কার্যকর করা হয়।

অভিযোগ অনুযায়ী, ওই দুই ব্যক্তি স্পর্শকাতর স্থাপনা শনাক্ত করা এবং বিস্ফোরক তৈরির বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিল। পাশাপাশি সামরিক ও সরকারি অবকাঠামোতে অগ্নিসংযোগ করে সেই ভিডিও মোসাদের কাছে পাঠানোর অভিযোগও তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।

এছাড়া জানানো হয়েছে, এসব কাজের বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করেছিল।

তাসনিম নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্তদের তেহরানের দুটি সরকারি অফিস এবং একটি সামরিক কেন্দ্রে হামলার নতুন মিশন দেওয়া হয়েছিল। এরপর থেকেই তাদের কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো হয় এবং শেষ পর্যন্ত তাদের আটক করা সম্ভব হয়।

এদিকে সাম্প্রতিক সময়ের সংঘাত ও উত্তেজনার মধ্যে ইরানের সামরিক সক্ষমতার বিষয়গুলোও আবার সামনে এসেছে। এর মধ্যে ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাও আলোচনায় রয়েছে।

পরে ওই বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করতে মার্কিন বাহিনী বড় ধরনের অভিযান চালায়।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা ধরে নিজের সহযোগীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া উদ্ধার অভিযানের সময় ট্রাম্পকে পরিস্থিতি নিয়ন্ত্রণ কক্ষ (সিচুয়েশন রুম) থেকে বাইরে রাখা হয়েছিল বলেও জানা গেছে। কারণ হিসেবে বলা হয়, তার অতিরিক্ত উত্তেজনা ও আচরণ অভিযানে প্রভাব ফেলতে পারে—এমন আশঙ্কা ছিল।

 

news