যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী—এমনই অভিযোগ করেছে হিজবুল্লাহ। তাদের দাবি, এখন পর্যন্ত অন্তত ৩৯টি গ্রাম এই হামলার শিকার হয়েছে।
সোমবার এই তথ্য জানিয়েছেন হিজবুল্লাহর মিত্র এবং লেবাননের জ্যেষ্ঠ রাজনীতিবিদ আলি হাসান খলিল।
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির ঘনিষ্ঠ এই নেতা বলেন, ইসরায়েলি বাহিনীর চালানো শক্তিশালী বিস্ফোরণে বেসামরিক মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেই এসব অভিযান পরিচালনা করছে। তবে বাস্তবে বেসামরিক ক্ষয়ক্ষতির অভিযোগই সামনে আসছে বেশি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু সেই চুক্তি উপেক্ষা করে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে।
এর জবাবে হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে। ফলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে এবং পুরো অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।
