ইরানকে ঘিরে সম্ভাব্য শান্তি আলোচনার আগে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের পথে রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিরই একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভ্যান্স এখনো যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং তিনি এখনো পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেননি।

এই বিষয়ে অবগত একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে যে, ভ্যান্স বর্তমানে যুক্তরাষ্ট্রেই আছেন। তবে তিনি কবে যাত্রা করবেন কিংবা মার্কিন প্রতিনিধিদলের অন্য সদস্যরা ইতোমধ্যে ইসলামাবাদের পথে রয়েছেন কি না—সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট ট্রাম্পের বরাত দিয়ে জানিয়েছিল, ভ্যান্সসহ একটি প্রতিনিধিদল কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে পৌঁছাতে পারে। এই পরস্পরবিরোধী তথ্য ঘিরে এখন নানা প্রশ্ন উঠছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা আয়োজনের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। পরবর্তী দফার আলোচনা শুরু হলে ইসলামাবাদই হতে পারে সেই আলোচনার কেন্দ্রবিন্দু।

এদিকে ইরানের অবস্থান স্পষ্ট। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, অতীত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের গভীর অবিশ্বাস রয়েছে। তবে তিনি বলেছেন, প্রতিশ্রুতি রক্ষা করা হলে অর্থবহ আলোচনার পথ তৈরি হতে পারে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অতীত আচরণ এবং সাম্প্রতিক অসংলগ্ন অবস্থান এমন একটি বার্তা দেয় যে তারা আসলে ইরানের আত্মসমর্পণ চায়। কিন্তু ইরানের জনগণ কখনোই বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলেও দৃঢ় হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে পাকিস্তানে সম্ভাব্য আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি ইরান এখনো বিবেচনা করছে। রয়টার্সকে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

news