যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রম করছে ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। ‘শুজা ২’ নামের এই জাহাজটি বর্তমানে গুরুত্বপূর্ণ এই জলপথ পাড়ি দিচ্ছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি বন্দর আব্বাসের কাছে অবস্থিত শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে। সেখান থেকে এটি ভারতের কান্দলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। তবে সামুদ্রিক বিশ্লেষণ সংস্থা মেরিনট্র্যাফিকের ট্র্যাকিং ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালির ভেতর দিয়ে চলাচল করছে। সংস্থাটির তথ্য বলছে, ‘শুজা ২’ ভারতের দিকেই এগিয়ে যাচ্ছে।
এদিকে তাসনিম নিউজ জাহাজ চলাচলের তথ্য তুলে ধরে জানিয়েছে, গত ১২ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে মাত্র তিনটি জাহাজ যাতায়াত করেছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, এই সময়ে ব্রিটিশ নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘নেরো’ নামের একটি ট্যাংকার প্রণালি পেরিয়ে পারস্য উপসাগর ছেড়েছে। পাশাপাশি দুটি জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে।
