ইসরায়েল তাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাপ দেয়নি—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন।
ট্রাম্প জানান, ইসরায়েল কখনোই তাকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেনি।
৭ অক্টোবরের ঘটনার পর থেকে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে তার অবস্থান আরও কঠোর হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন বিষয়ে আলোচনায় কিছু অগ্রগতি হচ্ছে এবং ভবিষ্যতে একটি সমঝোতায় পৌঁছানো যেতে পারে।
তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় একটি সম্ভাব্য চুক্তির দিকেই এগোনো হচ্ছে। ট্রাম্প আরও বলেন, প্রস্তাবিত এই চুক্তির অংশ হিসেবে ইরানের পারমাণবিক উপকরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতি ও মাঠের অবস্থার ওপর নির্ভর করেই নেওয়া হবে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে প্রভাব ফেলেছেন। তবে ট্রাম্প সেই ধারণা স্পষ্টভাবে অস্বীকার করেছেন।
