যুক্তরাষ্ট্রের হাতে ইরানি একটি জাহাজ জব্দের ঘটনার পর এবার সরাসরি জাতিসংঘে অভিযোগ জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে “অবৈধ ও বর্বর” বলে তীব্র ভাষায় নিন্দা করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ ‘তৌসকা’ যুক্তরাষ্ট্র জব্দ করেছে। এই ঘটনার পর ইরান জাতিসংঘের মহাসচিব এবং আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এটি একটি অবৈধ ও অপরাধমূলক কাজ। তারা যুক্তরাষ্ট্রকে এর গুরুতর পরিণতি নিয়ে সতর্ক করেছে। একই সঙ্গে জাহাজটি, এর নাবিক, ক্রু এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে আরও বলা হয়, জাহাজটি জব্দ করার সময় নাবিক ও ক্রুদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান আলোচনায় ফিরবে। না ফিরলে তারা এমন সমস্যায় পড়বে, যা তারা আগে কখনো দেখেনি।

অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, দুই পক্ষের মধ্যে কোনো কার্যকর বোঝাপড়ার কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না।

 

news