যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করার দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সংগঠনটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের একটি সাঁজোয়া বহর—যেখানে মোট ৮টি সাঁজোয়া যান ছিল—আইত্যাইয়েবা অঞ্চল থেকে পুরনো আসসালআহ এলাকার দিকে অগ্রসর হচ্ছিল। সেই সময় আগে থেকে পেতে রাখা মাইনের সংস্পর্শে আসলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, এই বিস্ফোরণে চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস হয়ে যায় এবং পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে লেবানন ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে নিন্দা ও প্রতিবাদ ক্রমেই বাড়ছে। স্পেনের পর এবার বেলজিয়ামও এই সমালোচনার ধারায় যুক্ত হয়েছে।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভো মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে ইসরায়েলের সঙ্গে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য সম্পর্ক স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। তিনি লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানকে “অসামঞ্জস্যপূর্ণ” এবং “নির্বিচার” বলে উল্লেখ করে বলেন, এমন পদক্ষেপ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

এর আগে স্পেনও ইসরায়েলের সঙ্গে করা বিভিন্ন চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছিল। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিযোগ করেন, গাজা ও লেবাননে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এমনকি লেবাননে পরিস্থিতি গাজায় যে অবস্থার সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটছে বলেও সতর্ক করে স্পেন।

অন্যদিকে, ইতালি সম্প্রতি ইসরায়েলের সঙ্গে তাদের সামরিক সহযোগিতা চুক্তি স্থগিত করেছে। আন্তর্জাতিক অঙ্গনে এই সিদ্ধান্ত ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

 


 

news