যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের একাধিক শহরে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানের একটি প্রধান চত্বরে ‘ঘদর’ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ওই সমাবেশে উপস্থিত জনতা জোরালোভাবে স্লোগান দেয়—“আমেরিকার মৃত্যু হোক”। একই সময়ে ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার মজিদ মৌসাভিকে তেলআবিবে হামলার আহ্বানও জানানো হয়।

তেহরানের আরেকটি বড় চত্বরে আলাদা এক সমাবেশে ‘খোররামশাহর-৪’ নামের আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ওই ক্ষেপণাস্ত্রের সঙ্গে লক্ষ্যবস্তু হিসেবে কাতারের একটি গ্যাস কোম্পানির ছবিও যুক্ত ছিল।

শুধু রাজধানী নয়, ইরানের দক্ষিণের সিরাজ, উত্তর-পশ্চিমের তাবরিজ এবং মধ্যাঞ্চলের যানযান শহরেও একই ধরনের ক্ষেপণাস্ত্র প্রদর্শন ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইরানের বিভিন্ন শহরের চত্বরে এমন সমাবেশ চলছে। এসব কর্মসূচিতে অংশ নেওয়া মানুষরা জাতীয় পতাকা হাতে ইরানের প্রতি সমর্থন জানাচ্ছেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সরকারি গণমাধ্যমও সাধারণ মানুষকে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে।


 

news