কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্য পথকে নিরাপদ করার উপায় খুঁজতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শুরু হয়েছে দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠক। বুধবার (২২ এপ্রিল) শুরু হওয়া এই বৈঠকে ৩০টিরও বেশি দেশ অংশ নিচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন দেশের প্রতিরক্ষামন্ত্রী, সামরিক পরিকল্পনাবিদ এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

গত সপ্তাহে এক ডজনেরও বেশি দেশ ইঙ্গিত দিয়েছিল যে পরিস্থিতি অনুকূলে থাকলে তারা হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক মিশনে যোগ দিতে আগ্রহী। রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি দেশ এমন একটি সম্ভাব্য উদ্যোগে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে।

এদিকে হরমুজ পরিস্থিতিকে কেন্দ্র করে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের আর মিত্রের প্রয়োজন নেই। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর যুক্তরাজ্য ও ফ্রান্স একটি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে, যেখানে প্রায় ৫০টি দেশ অংশ নেয়। সেই বৈঠকের ধারাবাহিকতাতেই লন্ডনের এই সরাসরি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহের ভার্চুয়াল বৈঠকের ধারাবাহিকতায় এবার লন্ডনে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই দুই দিনের বৈঠকের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং একটি স্থায়ী যুদ্ধবিরতিকে সমর্থন দিতে কূটনৈতিক ঐকমত্যকে বাস্তব যৌথ পরিকল্পনায় রূপ দেওয়া।

 

news