লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের হামলায় গুরুতর আহত আরও এক ফরাসি শান্তিরক্ষী মারা গেছেন। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই দুঃখজনক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, করপোরাল আনিসে জিরাদাকে আগের দিন দেশে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, গত শনিবার দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলে দায়িত্ব পালনকালে আরেক ফরাসি শান্তিরক্ষী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সেই হামলার জন্য সরাসরি হিজবুল্লাহকে দায়ী করেন ম্যাক্রোঁ।

তবে ইরান-সমর্থিত এই গোষ্ঠী দাবি করেছে, ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। একই ঘটনায় আরও দুইজন শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগেও ম্যাক্রোঁ বলেছিলেন, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে তার পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু তিনি সতর্ক করে বলেন, চলমান সামরিক অভিযান বন্ধ না হওয়ায় এই যুদ্ধবিরতি কার্যকর নাও হতে পারে।

একইসঙ্গে তিনি হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগের আহ্বান জানান এবং ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেন।

 

news