প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুদ্ধবিরতির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর একদিন পরই বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। ইরানের পতাকাবাহী তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। জাহাজ তিনটির নাম ডিপ সি, সেভিন এবং দোরেনা।
আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, তিনটি জাহাজেই উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ছিল।
ঠিক কোথায় এই জাহাজগুলো জব্দ করা হয়েছে, সে বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। তবে বাণিজ্যিক জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্র্যাফিকের তথ্য বলছে, ভারত মহাসাগরের একটি এলাকায় অভিযান চালানো হয়েছে। সেই অঞ্চলটি ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।
ডিপ সি ইরানের একটি সুপারট্যাংকার, যা জব্দ করার সময় আংশিক তেলভর্তি ছিল। মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মালয়েশিয়ার উপকূলে এটিকে সর্বশেষ দেখা গিয়েছিল।
দ্বিতীয় জাহাজ সেভিন জব্দের সময় এতে প্রায় ১০ লাখ ব্যারেল তেল ছিল, যা এর মোট ধারণক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। এক মাস আগে মালয়েশিয়ার উপকূলে সর্বশেষ দেখা গিয়েছিল জাহাজটিকে।
তৃতীয় জাহাজ দোরেনা ছিল পুরোপুরি তেলভর্তি। জব্দের পর এতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে। মাত্র তিন দিন আগে ভারত মহাসাগরে ভারতের উপকূলের কাছাকাছি এলাকায় দেখা গিয়েছিল এই জাহাজটি।
এর আগে, ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপ ব্যর্থ হয়। এর ঠিক পরদিন ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, ইরান শান্তি চুক্তিতে না আসা পর্যন্ত কোনো ইরানি জাহাজ বন্দর ছেড়ে বের হতে পারবে না এবং বাইরের কোনো জাহাজও ইরানে প্রবেশ করতে পারবে না।
বুধবার এক বিবৃতিতে সেন্টকোম জানায়, এই অবরোধ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইরানি বন্দর থেকে বের হওয়া ২৯টি জাহাজ ও নৌযানকে ফেরত পাঠানো হয়েছে।
