ইরানের এখন পর্যন্ত ৩১টি তেলবাহী জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করতে বা আবার বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করা হয়।

সংস্থাটির মতে, ইরানের ওপর সমুদ্রপথে আরোপিত অবরোধ কার্যকর করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো অভিযান পরিচালনা করছে মার্কিন নৌবাহিনী।

খবরে বলা হয়েছে, ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে ইরানের বন্দরে যাওয়া এবং সেখান থেকে বের হওয়া সব জাহাজকে লক্ষ্য করে নজরদারি ও পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি এই অভিযানকে অর্থনৈতিক চাপ হিসেবে উল্লেখ করেছেন, যার মধ্যে নিষেধাজ্ঞা, বন্দর নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটক করার মতো ব্যবস্থা রয়েছে।

প্রভাবও পড়তে শুরু করেছে অর্থনীতিতে। Wall Street Journal জানিয়েছে, এই অবরোধের কারণে ইরানের প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলারের ক্ষতি হচ্ছে।

অন্যদিকে জ্বালানি বিশ্লেষণ সংস্থা Vortexa বলছে, এখনো অন্তত ৩৪টি তেলবাহী জাহাজ অবরোধ এড়িয়ে চলাচল করছে। এর মধ্যে কিছু জাহাজ উপসাগর ছাড়ছে, আবার কিছু আরব সাগর হয়ে ইরানের দিকে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েকটি জাহাজ তাদের ট্র্যাকিং বা শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে গন্তব্য গোপন রাখার চেষ্টা করছে। এর উদাহরণ হিসেবে ‘ডোরেনা’ নামের একটি বড় ট্যাংকারের কথা বলা হয়েছে, যা মালয়েশিয়ার উপকূলে অবস্থানকালে ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে তেল স্থানান্তর করছিল।

 

news