ইরান-বিরোধী সামরিক অভিযানে সাহায্য না করায় স্পেনকে ন্যাটো জোট থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সেই হুমকিতে মোটেও দমে যাননি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বরং তিনি পাল্টা বলে দিলেন, স্পেন ন্যাটোর ‘বিশ্বস্ত সদস্য’ এবং কোনো ‘অভ্যন্তরীণ ইমেইলের’ ভিত্তিতে তৈরি গুজবে তাঁরা কান দেন না।

শুক্রবার সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ সম্মেলনে সানচেজ সাংবাদিকদের বলেন, “স্পেন ন্যাটোর একেবারে নির্ভরযোগ্য সদস্য। আমরা আমাদের সব দায়িত্ব ঠিকমতো পালন করছি। তাই আমি মোটেও উদ্বিগ্ন নই।”

প্রকৃতপক্ষে, রয়টার্স এবং এএফপির খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলে স্পেনকে ন্যাটো থেকে সাময়িক বরখাস্ত বা বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে, সেখানে স্পেনের মতো কিছু দেশ সহযোগিতা করছে না।

শুধু স্পেন নয়, ফ্রান্স ও ইতালিও আমেরিকার সামরিক বিমান তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। এই নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো নিয়ে কটাক্ষ করে জোটটাকে ‘কাগুজে বাঘ’ বলে মন্তব্য করেছেন।

তবে সানচেজের কথায়, তাঁরা কোনো ‘ইমেইলের ভিত্তিতে’ নয়, বরং ‘আধিকারিক নথি আর মার্কিন সরকারের ঘোষিত অবস্থান’ দেখে কাজ করেন। তিনি পরিষ্কার জানান, স্পেন জোটের সঙ্গে পুরোদমে সহযোগিতা করতে রাজি, তবে সেটা আন্তর্জাতিক আইনের আওতার বাইরে গিয়ে নয়।

উল্লেখ্য, ন্যাটোর চুক্তিতে কোথাও সদস্য দেশকে স্থগিত বা বহিষ্কারের স্পষ্ট কোনো বিধান নেই। ফলে সানচেজের চিন্তার কিছু নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা।

 

news