ইরানের অভ্যন্তরীণ ঐক্য ও জনগণের একতাবদ্ধ অবস্থান শত্রুপক্ষকে হতাশ ও ব্যর্থ করে তুলেছে বলে মন্তব্য করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই।
তিনি বলেন, জাতীয় ঐক্য এমন এক শক্তি, যা শত্রুর সব ধরনের প্রচেষ্টা—চাই তা আগ্রাসন হোক, যুদ্ধ হোক কিংবা চাপিয়ে দেওয়া আলোচনা—সবকিছুকেই ব্যর্থ করে দিয়েছে।
বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি জোর দিয়ে বলেন, এই ঐক্যই ইরানের সবচেয়ে বড় প্রতিরক্ষা শক্তি, যা শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছে।
তিনি আরও সতর্ক করেন, শত্রুপক্ষ এখন সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা তৈরি করে তাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। তবে তিনি বিশ্বাস প্রকাশ করেন, এই প্রচেষ্টাও শেষ পর্যন্ত ব্যর্থ হবে।
মোহসেনি এজেই বলেন, জাতীয় ঐক্যই শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হিসেবে কাজ করছে এবং শক্তিশালী রাষ্ট্র গঠনের মূল ভিত্তি এই ঐক্য।
তিনি আরও উল্লেখ করেন, শত্রুপক্ষ তথাকথিত মানসিক যুদ্ধের মাধ্যমে ইরানকে দুর্বল ও বিচ্ছিন্ন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এই ভুল ধারণার ভিত্তিতেই তারা হামলার পথ বেছে নিয়েছিল।
তবে শেষ পর্যন্ত সেই হিসাবই তাদের জন্য বিপর্যয় ডেকে এনেছে বলে তিনি দাবি করেন, এবং এর মাধ্যমে ইরানের ঐক্যের শক্তি আরও স্পষ্টভাবে সামনে এসেছে।
