লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২৬ এপ্রিল) এই হামলায় আরও কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন শিশু ও দু’জন নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

একই দিনে লেবাননের দক্ষিণে সংঘর্ষের সময় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিব। চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলেও গত কয়েকদিন ধরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলটা আবারও চরম উত্তপ্ত হয়ে উঠেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পক্ষে কথা বলে বলেছেন, যেকোনো ‘পরিকল্পিত বা আসন্ন’ হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। তাঁর কথায়, ‘এটা শুধু জবাব দেওয়া নয়, বরং সামনে আসা যেকোনো তাৎক্ষণিক হুমকি দূর করতেও আমরা স্বাধীন।’

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণের সাতটি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাদের দাবি, পরিকল্পিত বা আসন্ন যেকোনো হামলা ঠেকানোর জন্যই এই সতর্কতা।

হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে চলমান উত্তেজনার কারণেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। তবে বেসামরিক নাগরিকদের প্রাণহানি আর ঘর ছাড়ার নির্দেশ পুরো যুদ্ধবিরতি চুক্তিকেই এখন ভয়াবহ ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।

 

news